আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে দুই দেশের তীব্র বাদানুবাদের মধ্যে শুক্রবার সকালে টুইটের মাধ্যমে ওই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি হামলার বিষয়টি সম্পূর্ণরূপে এড়িয়ে যান।
টুইটার বার্তায় মোদি লিখেছেন, ‘অভিনন্দন এবং স্বাধীনতা দিবসে পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা রইল।’
সীমান্তে পাকিস্তান ও ভারত সেনাদের মধ্যে এমনতিই উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথের পার্লামেন্টারি এসোসিয়েশন সম্মেলনে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিধানসভার স্পিকারকে ইসলামাবাদ আমন্ত্রণ না জানানোয় সেই উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে।
স্বাধীনতা কিংবা বিশেষ দিনে দু’দেশের মধ্যে এ রকম অভিনন্দন বার্তা আদান-প্রদানের বিষয়টি খুব কমই দেখা যায়। তবে মোদির এ রকম উদ্যোগ দুদেশের কূটনীতিক ক্ষেত্রে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত থেকে পৃথক হয়ে পাকিস্তান নামে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, সেখানে বাংলাদেশও এর অন্তর্ভুক্ত ছিল।

