আন্তর্জাতিক ডেস্ক : ফুকুশিমা পরমাণু কেন্দ্র বিপর্যয়ের প্রায় চার বছর পর নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান। নতুন নিরাপত্তা মান অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদ বলে সরকার দাবি করলেও এ ঘটনায় উগ্বেগ প্রকাশ করেছে দেশটির সাধারণ নাগরিকরা।
২০১১ সালের ১১ মার্চ জাপানের ফুকুশিমা অঞ্চলে ভয়াবহ সুনামি আঘাত হানে। এতে ১৮,০০০ মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে। এরপর ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে আশাপাশের মাটি, বাতাস ও প্রশান্ত মহাগরের পানিতে। পরমাণু কেন্দ্রে ঘটে যাওয়া বিপর্যয় ও তেজস্ক্রিয়তা থেকে মারা গেছে ১ হাজার ২৩২ জন। ওই বছরই দেশটিতে একে একে সবকটি পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল।
নতুন নিরাপত্তা আইনের সবগুলো ধাপের পরীক্ষায় পাস করার পরেই কিয়ুশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেন্দাই প্রকল্পের এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়েছে। এটি টোকিও থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শুক্রবার থেকে এই পরমাণু কেন্দ্রটি পুরো মাত্রা বিদ্যুৎ উৎপাদনে যাবে এবং আগামি মাস থেকে এটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
এদিকে, নতুন করে পরমাণু চুল্লি চালু করা উচিত নয় দাবি তুলে প্রতিবাদ করে আসছে বিরোধীরা। সেন্দাই প্রকল্পের বাইরে এবং টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।

