আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার সকালে পর পর দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে। সেসময় আতঙ্কিত লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় সময় সকাল ১০ টা ২৪ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। এর উপকেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু শহর। এর আগে সকাল ৪ টা ২০ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এর উপকেন্দ্র ছিল রাজধানীর কিরতিপুর এলাকা। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, ভূমিকম্প দুটি যথেষ্ট শক্তিশালী ছিল। এ কারনে সেখানে থাকা লোকজন ভয়ে ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ২৫ এপ্রিল দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের কারনে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এর পর থেকে সেখানে ৪ বা তার চেয়ে বেশি মাত্রার আরো ৩ শ ৭৮ টি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।

