আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানীর অস্ত্র রফতানির হার ৫০ শতাংশ বেড়েছে। গত বছরের এ সময়ের তুলনায় অস্ত্র রফতানির এ হার বেড়েছে । এ ছাড়া, অস্ত্র আমদানিকারকদের পছন্দের শীর্ষে জার্মানীর তৈরি ট্যাংক রয়েছে বলেও জানা গেছে। জার্মান সাময়িকী ডার স্পেইগাল’এর প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশে সামরিক সরঞ্জাম রফতানি কমানোর বিষয়ে জার্মান ভাইস চ্যান্সেলর সিগমা গ্যাব্রিয়েলের ঘোষণা সত্ত্বেও দেশটির অস্ত্র রফতানি বেড়েছে। এতে আরো বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি অস্ত্র বিদেশে বিক্রির অনুমোদন দিয়েছে জার্মান সরকার।
এতে বলা হয়, তথাকথিত ব্যক্তি পর্যায়ের অস্ত্র বিক্রির অনুমোদন ৫০ ভাগ বেড়েছে। এই খাতে ৩৩১ কোটি ইউরোর অস্ত্র বিক্রি হয়েছে। এ ছাড়া, প্রধানত ন্যাটো সদস্যদের সমন্বয়ে যৌথ অস্ত্র বিক্রির খাত ৬৩৫ কোটি ইউরো ছুঁয়েছে। আরব ও উত্তর আফ্রিকার দেশগুলিতে ২১ কোটি ৯০ লাখ ইউরো থেকে বেড়ে ৫৮ কোটি ৭০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।
জার্মান এ সাময়িকীতে আরো বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে ১২টি ‘ফুচে’ ট্যাংক রফতানি করেছে বার্লিন। এ ছাড়া, ইসরাইলের কাছে ডলফি শ্রেণির ডুবোজাহাজও বিক্রি করেছে।

