আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আরো এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। তার নাম বশির আহমেদ । সংঘর্ষে আহত হয়েছেন আরও দুই সেনা।
শনিবার নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত কুপওয়ারা জেলার তঙ্গধর সেক্টরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হন ওই জওয়ান। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের খোঁজে রাগনি পোস্টের তায়া জঙ্গলে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনারা। সে সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় এক দল জঙ্গি। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। রাতভর দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। রোববার সকালেও দু’পক্ষের মধ্যে দফায় দফায় গুলি চলছিল বলে সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
গত কয়েক দিনে কাশ্মীরের পুলওয়ামা এবং জম্মুর উধমপুরে জঙ্গি হামলায় কয়েক জন জওয়ান ও জঙ্গির মৃত্যু হয়েছে। উধমপুরে বিএসএফ কনভয়ের উপর হামলা চালানোর ঘটনায় উসমান নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

