ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক স্বার্থ ও দ্বন্দ্বের হাতিয়ার সংসদীয় কমিটি

Link Copied!

TIBনিজস্ব প্রতিবেদক : সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও এর কার্যক্রমে রাজনৈতিক প্রভাব খাটানো হয় ও সদস্যরা কমিটিকে নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘সংসদীয় স্থায়ী কমিটির কার্যকারিতা : চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণায় ওই তথ্য উঠে এসেছে। রোববার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে গবেষণার এ তথ্য প্রকাশ করা হয়।
টিআইবির গবেষণা প্রতিবেদনে দেখা যায়, সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও কার্যক্রমে দলীয় প্রভাব কাজ করে। সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই। কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। ঘাটতি রয়েছে কমিটির কার্যক্রম সাচিবিক ও টেকনিক্যাল সহায়তায়। অনেক ক্ষেত্রে কমিটিতে সদস্যদের ব্যবসায়ী স্বার্থসংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কমিটির সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষায় হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করে। যে কারণে সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন হয় না। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা নেই। অনেক বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ফলোআপ করা হয় না। ফলে এর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানা সম্ভব হয় না। এতে অনেক সিদ্ধান্ত মাঝপথে থেমে  থাকে।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, কমিটিতে দুর্নীতি সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত তুলনামূলক কম। কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। এর কার্যক্রম সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়।
এ ছাড়া কমিটির কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা খুবই সীমিত। কমিটির কার্যক্রমের কোনো মূল্যায়ন কাঠামো নেই। বিভিন্ন কমিটি ও দুটি সংসদের মধ্যবর্তী সময়ে কার্যক্রমের সমন্বয়েরও অভাব রয়েছে। কমিটিসমূহ প্রত্যাশিত পর্যায়ে কার্যকর না হওয়ায় সরকারের জবাবদিহি প্রত্যাশিত পর্যায়ে নিশ্চিত হয় না, জনগণের সঙ্গে সংসদীয় কমিটির দূরত্ব তৈরি হয় ও সার্বিকভাবে সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ সময় বলেন, কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে কমিটির স্বার্থ-দ্বন্দ্বের প্রভাব। গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব রয়েছে। তা ছাড়া সিদ্ধান্ত ও সুপারিশ বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা না থাকাও একটি বড় কারণ। নবম সংসদের পুরো মেয়াদ (জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৩) এবং দশম সংসদের জানুয়ারি ২০১৪ থেকে এপ্রিল ২০১৫ পর্যন্ত সময় এ গবেষণার অন্তর্ভুক্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেছেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা আফরোজ ও জুলিয়েট রোজেটি।