আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সম্প্রতি ডাইনি সন্দেহে পাঁচ নারীকে হত্যা করা হয়েছে। রাজ্যের রাজধানী রাঁচি থেকে ৪৫ কিলোমিটার দূরের মান্দার ব্লকেরএক গ্রামে এইসব হত্যার ঘটনা ঘটেছে বলে শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জাদুটোনা করার অভিযোগ এনে ওই পাঁচ নারীকে হত্যা করেছে গ্রামবাসী। এইসব হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। তবে এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখনো তদন্ত চলছে। পুলিশ বলছে, গ্রামের লোকজন মিলেই ওই নারীদেরকে হত্যা করেছে। বাইরের কেউ তাদের ইন্ধন দেয়নি। ঝাড়খণ্ডে এটি ক নতুন ঘনা নয়। সেখানে এর আগেও ডাকিনী চর্চার অভিযোগে এ ধরণের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে।
ভারতের ‘জাতীয় অপরাধ ব্যুরোর’ পরিসংখ্যান মতে, যাদুবিদ্যা চর্চার অভিযোগে গত দশ বছরে(২০০০ থেকে ২০১২ সাল) দেশের ২ হাজার ৯৭ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে কেবল ঝাড়খণ্ড রাজ্যেই খুন হয়েছেন ৩৬৩ জন। তবে প্রকৃত সংখ্যা আরো হবে বলেই মনে হয়।
এইসব হত্যা বন্ধে ২০০১ সালে ওই রাজ্যে যাদুবিদ্রা চর্চার বিরুদ্ধে আইন পাস করা হয়েছিল। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, লোকজনের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা না হলে শুধু আইন করে সমস্যার সমাধান হবে না।

