আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ২৪ ঘণ্টায় সিরিজ বোমা হামলায় সেনাসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একশো জন।
সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে রাজধানীর পুলিশ একাডেমিতে। শুক্রবার সন্ধ্যায় একজন জঙ্গি পুলিশের পোশাক পড়ে একাডেমিতে প্রবেশ করে এবং আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ২৫ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। আহত হয়েছে আরো ৫০-৬০ জন। এই ঘটনার কিছু পরেই কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ন্যাটোর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলা চালায় জঙ্গিরা। তবে সেখানে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো সঠিক ধারণা পাওয়া যায়নি।
এছাড়া গত চব্বিশ ঘন্টায় কাবুলে আরো বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের দিকে শহরের শাহ শহিদ এলাকায় সেনা স্থাপনার কাছে শক্তিশালী ট্রাকবোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে সবকটি হামলা চালিয়েছে তালেবানরা। তবে ওই সন্ত্রাসী গোষ্ঠীটি শুধুমাত্র পুলিশ একাডেমীর আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ।
এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলছেন, তালেবানদের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে সেদিক থেকে নজর সরানোর জন্য একের পর এক বোমা হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।

