আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলায় এই দুর্ঘটনা ঘটে।
দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনার পেছনে কোন জঙ্গি তৎপরতা ছিল না। হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডি থেকে বন্যা কবলিত গিলগিতের উদ্দেশে যাচ্ছিল।
এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘ হেলিকপ্টারে ১২ জনের সবাই ছিল সেনা কর্মকর্তা। তাদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন।
তিনি জানান, হেলিকপ্টারটি উত্তরের মানসেহরা জেলার মোহার এলাকার একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। ‘বিরূপ আবহাওয়ার’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে পাকিস্তানে আরও একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।

