আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে ধরা পড়েছে পাকিম্তানি জঙ্গি মোহাম্মদ উসমান। বুধবার জম্মুর উধমপুরে বিএসএফের কনভয়ে হামলা চালানোর পরে তাকে জীবন্ত আটক করা হয়। বিএসএফের গুলিতে মারা গিয়েছে তার সঙ্গী নোমান ওরফে মোমিন নামে আরো এক জঙ্গি। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই প্রথম পাকিস্তানের কোনো জঙ্গিকে আটক করল ভারত।
বুধবার সকালে জম্মু-শ্রীনগরের সামরোলি এলাকা অতিক্রমের সময় বিএসএফের একটি কনভয়ে হামলা চালায় ওই দুই জঙ্গি। এ সময় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ হারান দুই বিএসএফ সদস্য। ভারতীয় সীমান্ত রক্ষীদের পাল্টা গুলিতে মারা যান এক জঙ্গিও। এসময় পালানোর চেষ্টা করে উসমান। কিন্তু ভারতীয় বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিমূলক কথা বলেছে উসমান । সে নিজের নামটি পর্যন্ত ঠিক করে বলেনি। এক বার উসমান , একবার কাসিম খান এবং কখনো বলছে নাভেদ। এই জন্যই তার তিনটি নামের কথা উল্লেখ করেছে পুলিশ। তার বয়স ১৬ থেকে ২২য়ের মধ্যে। তার বাড়ি পাকিস্তানের ফয়সলাবাদে। মানুষ মারার উদ্দেশ্য নিয়েই ভারতে পাড়ি জমিয়েছিল সে। তার ভাষায়,‘এই কাজটা দারুণ লাগে আমার!’ সে আরো বলেছে, ‘আমার সঙ্গী গুলির মুখে প্রাণ দিয়েছে। আমি পালিয়েছিলাম। আল্লার মর্জি হলে আমিও মরে যেতাম।’
জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, উসমানের এক ভাই কলেজের অধ্যাপক। তার এক ছোট বোন আছে বলেও জেরায় স্বীকার করেছে সে। দশ-বারো দিন আগে উসমান আর মোমিন কুপওয়ারা জেলার টাংমার এলাকা দিয়ে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতে প্রবেশ করে। তার পর থেকেই বড় ধরনের হামলার নাশকতার পরিকল্পনা করছিল তারা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোমানও পাকিস্তানের ভাওয়ালপুরের বাসিন্দা। দু’জনেই লস্কর-ই-তৈয়বার সদস্য। এর আগেও তারা কুপওয়ারায় ঢুকেছিল। কিন্তু সে বার বিশেষ সুবিধা না হওয়ায় তারা পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে গিয়েছিল। এছাড়া এক সন্ত্রাসী নিহত এবং একজন আটক হওয়ার খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
পঞ্জাবের গুরদাসপুরে গত নয় দিন আগে চালানো জঙ্গি হামলার সঙ্গে বুধবারে হামলার যোগসূত্র খুঁজে পেয়েছে ভারত। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, বুধবার জঙ্গিদের মূল লক্ষ্য ছিল অমরনাথ তীর্থযাত্রীদের কনভয়ে হামলা চালানো। কিন্তু সময়ের হেরফেরে তীর্থযাত্রীদের পরিবর্তে পিছনে থাকা বিএসএফের কনভয়ে হামলা করে বসে তারা।
উধামপুরের জম্মু-শ্রীনগর মহাসড়কে দীর্ঘ ১৫ বছর পর এটিই প্রথম জঙ্গি হামলা ।
হামলার পর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ট্যুইটারে মন্তব্য করেন, ‘দীর্ঘদিন পর এখানে এমন শক্তিশালী হামলা হল। বিদ্রোহী-জঙ্গিমুক্ত এ অঞ্চলে এমন ঘটনা সত্যিই দুঃখজনক।’
চলতি মাসেই ভারত-পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠক হতে চলেছে দিল্লিতে। এর আগে পাক জঙ্গি উসমানকে আটক করতে সক্ষম হল ভারত। ওই বৈঠকে পাকিস্তানকে কোণঠাসা করতে এটি অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

