আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরায় মূল্যায়ন করে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। এমন সময়ে মার্কিন ইহুদিদের ধর্মীয় জাতীয়তাবাদে উদ্বুব্ধ করে পরমাণু চুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দিচ্ছেন বেনইয়ামেন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে তিনি বিশেষ কার্যক্রমও পরিচালনা করছেন। ইরানের সঙ্গে মার্কিন ইতিবাচক বোঝাপড়াকে নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল প্রশাসন।
এক ওয়েববার্তায় নেতানিয়াহু পূর্বমত পুনরায় ব্যক্ত করেন, ১৪ জুলাইয়ের চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে যথেষ্ট বাধার সম্মুখীন করতে সক্ষম নয়। এবং অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার ফলে আঞ্চলিক বিসংবাদ বহুগুণে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর মতের সঙ্গে মিল রয়েছে উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদের মতামতের। তাদের ধারণা ইরান ফের অর্থনৈতিক সাবলম্বিতা অর্জন করলে আঞ্চলিক নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। উপসাগরীয় নেতাদের এ আশঙ্কা ‘নিরসন’ করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকের সূত্রে কাতারের রাজধানী দোহায় গমন করেছেন।
ইতোমধ্যে মার্কিন ইহুদিদের মধ্যে এক জরিপ পরিচালিত হয়েছে, যেখানে যাচাই করা হয়েছে ইরানের সঙ্গে চুক্তিকে কে কোন চোখে দেখেন। ঐ জরিপে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যার অর্থ মার্কিন ইহুদিরা এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। আর এ কারণেই নেতানিয়াহুকে বিশেষ ওয়েব বার্তায় আবারও মুখোমুখি প্রচারণা চালানোর তাড়না বোধ করতে দেখা গেল।

