আন্তর্জাতিক ডেস্ক : অর্থ পাচার মামলায় আইপিএলের প্রাক্তন কমিশনার ললিত মোদির বিরুদ্ধে বুধবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বইয়ের এক আদালত। লন্ডন প্রবাসী মোদিকে বিচারের জন্য ভারতে ফিরতে বাধ্য করতেই এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এবার দেশে না ফিরলে আরও মুশকিলে পড়বেন ৪৯ বছরের এই ক্রিকেট কর্মকর্তা ও ব্যবসায়ী।
সম্প্রতি ললিত মোদিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে ফুঁসে ওঠেছিল গোটা ভারত। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আরও বিপাকে পড়বে বিজেপি সরকার।
২০০৮ সালে আত্মপ্রকাশ হওয়া আইপিএলের মূল হোতা ছিলেন এই ললিত মোদি। এরপর আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটে ক্রমশ রাজত্ব বিস্তার করতে থাকেন মোদি। কিন্তু ২০১০ সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ ওঠার পর দেশ ছাড়েন তিনি। এরপরই ভারতের ক্রিকেটে ক্রমশ কোণঠাসা হতে থাকেন, অপসারিত হতে থাকেন গুরুত্বপূর্ণ পদগুলো থেকে। শেষপর্যন্ত তাকে নির্বাসিত করে ক্রিকেট বোর্ডও।

