নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদেরকে নিয়ে কটূক্তি করায় পুনরায় আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিসের ব্যাখ্যা প্রদানে আগামী ৯ আগস্ট দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার সময় আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
এসময় ডা. জাফরুল্লাহর পক্ষে ট্রাইব্যুনালে সময় আবেদন করেন তার আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। আজ নির্ধারিত দিন অনুযায়ী ব্যাখ্যা প্রদানের দিন ঠিক থাকলেও আইনজীবী তার প্রস্তুতির জন্য পুনরায় ট্রাইব্যুনালে সময় আবেদন করেন। পরে আবেদনটি বিবেচনা করে ট্রাইব্যুনাল ব্যাখ্যা প্রদানের জন্য নতুন তারিখ নির্ধারণ করে দেন।
এর আগে গত ৬ জুলাই ডা. জাফরুল্লার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদনটি জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
এরপর গত ৭ জুলাই এ আবেদনের শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।
উল্লেখ্য, গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আদালত। শাস্তি হিসেবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়। পরে জাফরুল্লাহর এক আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ওই জরিমানার আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
জাফরউল্লাহর বিরুদ্ধে ট্রাইব্যুনাল সাজা ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, আজকের আদালত অবমাননার রায়টা তিনজন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ। যেখানে বিচারপতিরা সমালোচনা সহ্য করতে পারেন না, সেখানে ন্যায়বিচার হয় না।
এদিকে ট্রাইব্যুনালের দেয়া দণ্ড ও জরিমানার বিরুদ্ধে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়ার পর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসার অপেক্ষায় রয়েছে।

