নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম। চলবে হজে যাওয়ার আগ পর্যন্ত। প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর ম্যানিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।
এদিকে হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম বিমানটি যাত্রা শুরু করবে ১৬ আগস্ট থেকে। আর হজ্ব ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
হজ অফিস থেকে এজেন্সিগুলোর সংগঠন ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (হাব) কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য পাওয়া গেছে।
ওই চিঠিতে বলা আছে, ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর হজযাত্রীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাপাড়ার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।
অন্য সব জেলার হজ যাত্রীদের বিভাগীয় শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস বা ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। আর স্বাস্থ্য সনদ বিমানবন্দরে দেখানোর জন্য হজযাত্রীদের নিজের হেফাজতে রাখতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ওই চিঠিতে আরও বলা আছে, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরি) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তাই সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট। শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী যাচ্ছে। এর মধ্যে ৫ হাজার সরকারি ব্যবস্থাপনায়, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

