আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়ের করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এতে অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সোমবার এ মামলা দায়ের করা হয়।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লাভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি সোমবার নেদারল্যান্ডের হেগে আইসিসি’র কৌঁসুলি ফাতুহ বেনসুদার কাছে মামলার নথিপত্র হস্তান্তর করেছেন।
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের পাশে একটি গ্রামে গত শুক্রবার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বোমা হামলায় বাড়িতে আগুন ধরে ১৮ মাসের একটি শিশু নিহত হয়। এসময় শিশুটির মা-বাবা ও চার বছরের ভাইও দগ্ধ হয়েছে। মা ও বাবার অবস্থা গুরুতর বলে জানিযেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্ন্তজাতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় ওঠে। ওই ঘটনার দিনই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকিকে আইসিসিতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন।

