আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রোববার অল্পের জন্য এক গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। অজ্ঞাতনামা এক ব্যক্তি তার গাড়ির ওপর নিজের গাড়িটি ওঠিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন বলে পাক কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার গাড়িটিকেও জব্দ করেছে পুলিশ।
রোববার রাতে পাকিস্তানের অবকাশ যাপন কেন্দ্র মারি থেকে সপরিবারে রাজধানী ইসলামাবাদে ফিরছিলেন নওয়াজ শরিফ। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি তার গাড়িটি প্রধানমন্ত্রী নওয়াজের গাড়ির ওপর তুলে দেয়ার চেষ্টা করেন। তখন প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা ওই সন্দেহজনক গাড়িটিকে আটক করে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী।’
ঘটনার পরপরই চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সূত্র জানিয়েছে, আটক গাড়িটিতে ভুয়া নাম্বার প্লেট লাগানো ছিল।
গত সপ্তাহে পুলিশের গুলিতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্করে জাংভির নেতা মালিক ইসহাক নিহত হওয়ার পর জঙ্গিরা বদলা নিতে পারে বলে আশঙ্কা করেছিল পাক পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।

