আন্তর্জাতিক ডেস্ক : সোমবার নতুন এক জলবায়ু নীতি ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ভাষায় এটিই হচ্ছে জলবায়ুর ওপর গৃহীত‘ যুক্তরাষ্ট্রের সবচাইতে বৃহৎ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।
গ্রিন হাউস গ্যাসের নির্গমন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট সোমবার তার ‘ক্লিন পাওয়ার প্লান’ পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন বলে বিবিসি জানিয়েছে। নতুন এই পরিকল্পনার ফলে আগামী ১৫ বছরের মধ্যে দেশটির পাওয়ার স্টেশনগুলোর কমপক্ষে ৩ শতাংশ দূষণ রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ওবামা তার এই পরিকল্পনাকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
এই পরিকল্পনায় আগামী পনেরো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রিনহাউজ গ্যাস পনেরো শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে। যার ফলে এই পরিকল্পনায় বায়ু আর সৌরবিদ্যুত ছাড়াও অন্য বিকল্প জ্বালানির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। তবে, জ্বালানি শিল্পের সংশ্লিষ্টরা এর বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে আসলে মার্কিন জ্বালানির প্রধান উৎস কয়লার বিরুদ্ধেই যেন যুদ্ধ ঘোষণা করছেন প্রেসিডেন্ট ওবামা।
বিবিসির জানিয়েছে, ওবামা তার দেশে নতুন যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন, এর ফলে তার একটা নৈতিক কর্তৃত্ব অর্জিত হবে এবং আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় প্যারিস জলবায়ু সম্মেলনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ সংক্রান্ত আলোচনায় তিনি একধরনের সুবিধাও পাবেন।

