আর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৩ বেসামরিক নিহত হয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছে আরো ২৭ জন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
রোববার স্থানীয় সময় রাত ১টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের মালারি গ্রামে হামলা চালিয়েছিল বোকো হারাম।
স্থানীয় কৃষক মোহা সালেহ এএফপিকে জানিয়েছেন, ‘ওই হামলায় নারী ও শিশুসহ ২৭ জন আহত হয়েছে। ইসলামি জঙ্গি গোষ্ঠীটি স্থানীয় সময় রাত ১ টায় গ্রামের মধ্যে ওই হামলা চালিয়েছিল। আমরা সেনাদের কাছে তাদের অবস্থানের কথা জানিয়েছি বলে অভিযোগ করেছে তারা। শুধু তাই নয় হামলা শেষে তারা আমাদের বাড়ি-ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে।’
স্থানীয় কর্মকর্তা গনী মুসা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘সোমবার সকালে ১৩ টি মৃতদেহ উদ্ধারকরা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পিঠে গুলি লেগে নিহত হয়েছেন। হামলার সময় তারা হয়ত পালানোর চেষ্টা করছিলেন।’

