অর্থনৈতিক প্রতিবেদক : এক টাকা ও দুই টাকার মতো এখন থেকে পাঁচ টাকার নোট ইস্যু করবে সরকার। আর তাতে স্বাক্ষর করবেন অর্থসচিব। এই বিধান রেখে বাংলাদেশ কয়েন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-২০১৫ এর খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আইনটির ব্যাখ্যায় সচিব বলেন, ‘এতোদিন দুই টাকা পর্যন্ত সরকারি নোট ছিল। বাকিগুলো ইস্যু করতো বাংলাদেশ ব্যাংক। এই আইনের বলে পাঁচ টাকার নোট সরকার ইস্যূ করবে। এতে স্বাক্ষর করবেন অর্থসচিব।’
তিনি বলেন, ‘সরকারের ইস্যু করা পাঁচ টাকার নোট ও বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকার নোট পাশাপাশি চলবে। ধীরে ধীরে ব্যাংক ইস্যু করা পাঁচ টাকার নোট উঠে যাবে।’
সরকারের ইস্যু করা পাঁচ টাকার নোট বাজারে ছাড়ার ফলে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের যে ৭৯০ কোটি টাকা ঋণ রয়েছে, তা পর্যায় ক্রমে কমে আসবে।
বৈঠকের শুরুতে এফএও (ফাও) কর্তৃক বাংলাদেশকে দেয়া অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

