মৌলভীবাজার প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। দেশে দারিদ্রতা কমে ২২ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ বছর পর দেশে আর দারিদ্র থাকবে না। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।’
রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এ জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন কমব্যাটিং কাউন্টারফিটিং অ্যান্ড পাইরেসি’ শীর্ষক পাঁচ দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ২০১৫-২০১৬ অর্থ বছরের বিশাল বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘নকল পণের আমদানি ও উৎপাদন একদিকে দেশের মানুষকে প্রতারিত করে, দেশীয় পণের মানকে প্রভাবিত করে এবং রাজস্ব আয়কে বিঘ্নিত করে। এই পরিস্থিতি থেকে মুক্ত থাকার জন্য সরকার সজাগ রয়েছে।’
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং জাপান কাস্টমস বিভাগের আইটি বিশেষজ্ঞ মাসাসি গোবারা।
কর্মশালার মুল প্রবদ্ধ পাঠ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন। কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কপিরাইট বিভাগ এবং এফবিসিসিআইয়ের ৩৬ জন প্রতিনিধি অংশ নেন।

