আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অগ্নিদগ্ধ হয়ে ১৮ মাসের শিশু নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। রাজধানী তেল আবিবে শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয়।
শুক্রবার পশ্চিম তীরে নাবালুস শহরে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে । এতে ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশেহ দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া শিশুটির বাবা, মা ও ভাইও দগ্ধ হয়। এ ঘটনায় আর্ন্তজাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। নিহত আলীর বাবা সাদ ও মা রেহেমের অবস্থা গুরুতর। সাদকে দক্ষিণ ইসরায়েলের একটি হাসপাতালে এবং রেহেম ও তার অপর সন্তানকে তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার তেল আবিবে বসতি স্থাপন পর্যবেক্ষক গ্রুপ পিস নাউয়ের উদ্যোগে দুই হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে নিহত দাওয়াবশেহের স্বজনরাও অংশ নেয়। সংগঠনটির পরিচালক ইয়ারিভ ওপেনহেইমার বলেন, ‘ বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে আমরা সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি এবং শান্তি প্রক্রিয়া ফের চালুর আহ্বান জানাচ্ছি।’

