আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের নির্বাসিত প্রধানমন্ত্রী শনিবার যুদ্ধবিধ্বস্ত এডেন শহরে আকস্মিক সফর করেছেন। সরকার পক্ষীয় যোদ্ধারা সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার সাহায্য নিয়ে হুতি বিদ্রোহীদের কাছ থেকে ওই শহর দখলে নেয়ার পর সেখানে এটিই তার প্রথম সফর।
শনিবার সকালে প্রধানমন্ত্রী খালেদ বাহা এডেন বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছেন ওই বিমানবন্দরের প্রধান তারেক আবু আলি। এসময় তার সঙ্গে ছিলেন ইয়েমেন মন্ত্রীসভার আরো ছয় মন্ত্রী। জুলাইয়ের মাঝামাঝি সময়ে হুতি বিদ্রোহীদের কাছ থেকে শহরটি পুনরুদ্ধারের পর সেখানে এটিই ইয়েমেন সরকারের কোনো উচ্চ পদস্থ নেতার প্রথম সফর।
প্রধানমন্ত্রী খালেদ এডেনের বেশি কিছু এলাকা ঘুরে দেখেন। তিনি যুদ্ধে বিধ্বস্ত প্রেসিডেন্ট ভবন, সরকারি বার্তা সংস্থার কার্যালয় এবং সামরিক সদন দপ্তরগুলো পরিদর্শন করেছেন বলে এক সামরিক সূত্র জানিয়েছে। পরে তিনি বিমানে করে আবুধাবি ফেরত আসেন।
এদিকে কাকতালীয়ভাবে ওই একই দিনে এডেনে প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংক্ষেপে ডব্লিউএফপি। তারা শনিবার থেকে যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এডেনের আটটি এলাকার প্রায় ৩ লাখ ৪০ হাজার বাসিন্দার মধ্যে ত্রাণ বিতড়ণ শুরু করেছে।

