আন্তর্জাতিক ডেস্ক : চিলির স্বৈরশাসক জেনারেল অগাস্তো পিনোশের দুঃশাসনের কথা পৃথিবীব্যাপী পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সে দেশে নিষিদ্ধ এক চলচ্চিচিত্র পরিচালক মিগুয়েল লিত্তিন গোপনে লক্ষাধিক ফুটেজ সংগ্রহ করে এক অবিস্মরণীয় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা তার উদ্দেশ্য পূরণ করেছিল। বন্ধু লিত্তিনের এই অবিশ্বাস্য অভিযান নিয়ে উপন্যাস লিখেছিলেন কলম্বিয়ার বিখ্যাত ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার ‘ক্লান্দেনস্টাইটন ইন চিলি’ বইটিতে। আশির দশক জুড়ে পিনোশে-আমলে ঘটে যাওয়া বিভিন্ন পীড়নমূলক নীচতার চিহ্ন এখনও বর্তমান। সম্প্রতি, পিনোশের আমলে দুই তরুণ-তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি উঠে এসেছে প্রায় ২৮ বছর পর, এক সৈনিকের স্বীকারোক্তি পরিবর্তনের মাধ্যমে।
বর্তমান বিচার বিভাগ ঐ ঘটনার জন্যে চার্জ গঠন করেছে ১২ জন সামরিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। যাদের মধ্য হতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন রডরিগো রোজাস ও কারমেন কুয়েন্তানার শরীরে গ্যাসোলিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল সেনারা। পরে এক হাসপাতালে রোজাসের মৃত্যু ঘটলেও দগ্ধতার স্মৃতি শরীরে নিয়ে এখনও বেঁচে আছেন কারমেন। কারমেন জানিয়েছেন ঐ বিভীষিকাময় দিনটির কথা, যেদিন তাদের শরীরে গ্যাসোলিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার পর তাদের সান্তিয়াগোর বাইরে ফেলে আসা হয়েছিল, তার আগে চালানো হয়েছিল নৃশংস শারীরিক নির্যাতন।

