আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন জানিয়েছেন, আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার তার কোন ইচ্ছা নেই। শুক্রবার জাপানি বার্তা সংস্থা নিক্কেই এশিয়ান রিভিউকে এ কথা বলেন তিনি।
৭০ বছরের থেইন সেইন স্বাস্থ্যগত কারণে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পড়ে লড়তে চাচ্ছেন না। তবে তিনি দাবি করেছেন, মিয়ানমারকে পরিচালনা করার মতো যথেষ্ঠ সংখ্যক অভিজ্ঞ তরুণ নেই।
তিনি বলেন, আমার বয়স আর স্বাস্থ্যগত কারণে অবসরে যেতে চাচ্ছি। তবে খোলাখুলি বলছি, আমাদের দেশে খুব কম সংখ্যক তরুণ অথবা মধ্যবয়সী লোক রয়েছে, যারা দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারবে।
তবে থেইন সেইন জানিয়েছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে তার সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি, নিয়ন্ত্রক পরিস্থিতি ও জনগণের ইচ্ছার’ পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
আর্ন্তজাতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে কয়েক বছর আগে মিয়ানমারের সামরিক জান্তা আধা বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। থেইন সেইন ক্ষমতা পাওয়ার পর দেশটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর দেশটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এ পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

