কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ১৫৯ জনকে ফেরত আনা হতে পারে ৫ আগস্ট। গত বৃহস্পতিবার এদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছিল।
কক্সবাজারস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে কর্নেল রবিউল ইসলাম জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনতে মিয়ানমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী ৫ আগস্ট এদের ফিরিয়ে আনা হতে পারে।
তিনি জানান, মিয়ানমার কর্তৃপক্ষের সম্মতি পেলে বাংলাদেশ সীমান্তের ধুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনকে ফেরত আনার সব প্রস্তুতি চলছে। তারা দেশের ১০ জেলার বাসিন্দা। এর মধ্যে নরসিংদীর ৮০ জন, চট্টগ্রামের ১৮ জন, হবিগঞ্জের ১৭ জন, কিশোরগঞ্জের ১৩ জন, নারায়ণগঞ্জের ১২ জন, ফরিদপুরের ১২ জন, শরীয়তপুরের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ১ জন ও বরিশালের ১ জন বাসিন্দা রয়েছে। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে ১৬ জন।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে। বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ৪র্থ বারের মতো ১৫৯ জনকে ফেরত আনা হবে।

