নিজস্ব প্রতিবেদক : মোবাইল কোর্টের আওতায় শাস্তির পর আসামিদের আপিল করে বের হয়ে যাওয়া রোধ করতে এবার মোবাইল কোর্টের বিচারের ক্ষেত্রে সরকার পক্ষে আইনজীবী (এপিপি) নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক একথা জানান।
মন্ত্রী বলেন, ‘সারাদেশে মামলার জট কমানোর জন্য বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) পদ্ধতি ব্যবহারে যাতে জেলা প্রশাসকরা আরো তৎপর হন সে জন্য নির্দেশনা দিয়েছি।’
এছাড়া লিগ্যাল এইডের মাধ্যমে জেলা পর্যায়ে গরীব মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করার জন্য জেলা প্রসাশকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
মন্ত্রী জানান, সাব-রেজিস্ট্রি অফিসে ৩ লাখ বালাম বইয়ের চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যেই ১লাখ ৯৫ হাজার বই সরবরাহ করেছি। বাকিগুলো শিগগিরই সরবরাহ করা হবে।

