অর্থনৈতিক প্রতিবেদক : জেলাভিত্তিক একটি করে রপ্তানি পণ্য চিহ্নিত করাতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার দুপুরে তিনদিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলন-২০১৫ এর দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এক জেলা, এক পণ্য’ এভাবেই রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা।’
ডিসিদের কোনো দাবি বা সুপারিশ ছিল কিনা জানতে চাইলে তোফায়েল বলেন, ‘আমরা এমনিতেই ভালো কাজ করি। আর কীইবা প্রস্তাব দেয়ার আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। আগামী তিনবছরে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের নাশকতা নিয়ন্ত্রণে জেলা প্রশাকদের ভূমিকা প্রশংসার দাবি রাখে।’
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল দাবি করে তিনি বলেন, ‘ভেজাল নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার কমিশনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকার জন্য তাদের সাধুবাদ জানাই।’ প্রতিবার আমে সবচেয়ে বেশি ফরমালিন থাকলেও এবার সেটি ছিল না বলে দাবি করেন মন্ত্রী।

