আন্তর্জাতিক ডেস্ক : তালেবান গোষ্ঠীর সঙ্গে আগামী শুক্রবার থেকে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে আফগান সরকারের প্রতিনিধিরা। রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী পর্যটন কেন্দ্র মারিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। উর্ধ্বতন এক পাক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন পত্রিকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাক কর্মকর্তা এক মাসের কম সময়ে পুনরায় আফগান শান্তি আলোচনা শুরু হওয়াকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন । দ্বিতীয় দফার বৈঠক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত হবে বলেও তিনি জানিয়েছেন। তবে আসন্ন বৈঠকে উল্লেখযোগ্য সফলতা আশা করা ঠিক হবে না বলে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন,এটি হচ্ছে দীর্ঘ প্রক্রিয়ার সূচনাপর্ব।
২ যোগ ২ যোগ ১ বা মারি শান্তি প্রক্রিয়া নামে পরিচিত প্রথম বৈঠকটি চলতি মাসের সাত তারিখে মারি পর্বতের অবকাশ কেন্দ্রেই হয়েছিল। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ওই বৈঠক। আলোচনা শেষে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, রমযান শেষে ফের তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে আফগান কর্মকর্তারা।

