আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সঙ্গে সম্পৃক্ততা আছে এমন রাজনীতিবিদদের বিচার থেকে অব্যাহতি কেড়ে নেয়ার জন্য পার্লামেন্টকে আহ্বান জানিয়েছেন।
কয়েক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতে বিমান হামলা শুরু করার কয়েকদিন পর এই মন্তব্য করলেন এরদোয়ান। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পর ২০১৩ সালে অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল দু পক্ষ। কিন্তু সম্প্রতি কুর্দি শিবিরগুলোতে বিমান হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে।
মঙ্গলবার চীন সফরের উদ্দেশে রওয়ানা হওয়ার প্রাক্কালে প্রেসিডেন্ট এরদোয়ান কুর্দিদের লক্ষ্য করে বলেছেন,‘যারা আমাদের জাতীয়তা এবং ভ্রাতৃত্বের জন্য হুমকি তাদের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখা সম্ভব না।’ একই সঙ্গে তিনি সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ‘নিরাপদ জোন’ গঠনের ওপরও জোর দিয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে আঙ্কারা সরকার। এর মাধ্যমে তুরস্কে আশ্রয় নেয়া ১৭ লাখ সিরীয় উদ্বাস্তুকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে পিকেকে বলেছে, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলার পাশাপাশি কুর্দিদের ওপর যে বিমান হামলা শুরু হয়েছে তাতে শান্তি প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়েছে। এ প্রক্রিয়া থেকে প্রকাশ্যে বেরিয়ে যাওয়াটাই কেবল এখন বাকি।

