আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সকালে দিল্লি থেকে তামিলনাড়ুর মাধুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের মরদেহ বহনকারী বিশেষ বিমানটি। সেখান থেকে হেলিকপ্টারে করে মরহুমের লাশ তার জন্মভূমি রামেশ্বরমে নিয়ে যাওয়া হবে। সেখানেই সমাহিত করা হবে তাকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। তার দাফন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলে এনডিটিভি জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির ১০ রাজাজি মার্গে তার বাংলোতে তাকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনতা। তার প্রতি শ্রদ্ধা জানাতে তার দিল্লির বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট প্রণব মুখার্জী এবং ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি। তাকে আরো শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধী, সমাজবাদী দলের প্রধান মুলায়েম সিং যাদব এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আকিলেশ যাদবসহ বিভিন্ন দলের নেতারা।
এর আগে মঙ্গলবার আসামের রাজধানী গৌহাটি থেকে কালামের মৃতদেহ দিল্লির পালাম বন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। ড. কালামের মৃতদেহের প্রতি আরো শ্রদ্ধা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লে. গভর্নর নাজিব জং। এসময় ভারতের তিন বাহিনীর প্রধান সাবেক প্রেসিডেন্টের মরদেহের প্রতি গার্ড অব অনার দেন।
তার মৃত্যুতে ভারতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেই শোক।
সোমবার সন্ধ্যায় মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের বেথানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের এই স্বনামধন্য বিজ্ঞানী। ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দেয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন ভারতের ১১তম প্রেসিডেন্ট। সন্ধ্যা ৭টায় তাকে শহরের বেথানি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

