নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ৬ থেকে ১০ বছর বয়সী ৪০ লাখ শিশু বিদ্যালয় বহির্ভূত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে এমন তথ্য উঠে এসেছে ।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিবিএস আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সালের বিবিএসের জরিপ অনুসারে সারা দেশে ৬ থেকে ১০ বছর বয়সী ৪০ লাখ শিশু বিদ্যালয় বহির্ভূত। যা মোট শিশুর ২৩ শতাংশ। এর মধ্যে ২০ লাখ শিশু কখনো স্কুলেই যায়নি। ১ লাখ ৯০ হাজার শিশু (প্রতি ১০ জনের মধ্যে) দেরিতে স্কুলে যাওয়া শুরু করে এবং ৪ লাখ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আমরা তথ্য প্রকাশ করি, বিভিন্ন ধরনের আলোচনা করি। কিন্তু সঠিকভাবে জানি কেন এ সমস্যা।
তিনি বলেন, বিবিএসের জরিপে উঠে এসেছে ৪ মিলিয়ন শিশু বিদ্যালয় বহির্ভূত। এর কারন শুধু দারিদ্রতা নয়, আমাদের মানসিক ও সামাজিক দারিদ্রতাও এর জন্য দায়ী। এছাড়া কন্যা শিশুরা স্যানিটেশন সমস্যা কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়ে। প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে নেয়ার ব্যাপারে সরকারের সঠিক পদক্ষেপও নেই।
শিক্ষা বাজেট কেন কমে যাচ্ছে এটা বোধগম্য নয় উল্লেখ করে রাশেদা বলেন, দিনে দিনে শিক্ষা বাজেট কেন কমে যাচ্ছে এটা আমি জানি না। সরকারকে বুঝতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি মানে ব্যয় নয়, এটা দেশের জন্য বড় বিনিয়োগ। আর ২০২১ সালের মধ্যে মধ্য মানের দেশে পরিণত করতে হলে সরকারকে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, শিক্ষা কোনো চ্যারিটি নয়, শিক্ষা প্রত্যেকের জন্য অধিকার। এ কারণে সরকারকে প্রত্যেক শিশুর জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা প্রয়োজন।
এসময় ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বিগবিডার বলেন, বাংলাদেশ মধ্যম মানের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এখন নতুন নতুন চ্যোলেঞ্জ মোকাবেলা করতে হবে। এ কারণে একটি বিশেষ দিকে নজর দেয়া প্রয়োজন সেটি হলো ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীদের দিকে। তাদেরকে নিয়ে এ সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে। বিদ্যালয় বহির্ভূত,শিশুশ্রম এবং বাল্যবিয়ের দিকে নজর দিতে হবে।
তিনি বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে শিশুদের উন্নয়নে যা বিনিয়োগ করছে তার মাধ্যমে সর্বোচ্চ কল্যাণ সাধন করা।
বিবিএসের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিবিএসের পরিচালক মোহাম্মাদ আব্দুল ওয়াজেদ, বিডিএসের পরিচালক কে এ এস মুর্শিদ প্রমুখ।

