অর্থনৈতিক প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মাসেতু প্রকল্প ও রাজনৈতিক সহিংসতার কারণে ২০১৪-১৫ অর্থবছরে শতভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সম্ভব হয়নি।
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯১ শতাংশ। আমাদের টার্গেট ছিল শতভাগ এডিপি বাস্তবায়ন করার। কিন্তু সেটা পারিনি। এর দুটি কারণ ছিল। একটা হলো পদ্মাসেতু প্রকল্প অন্যটি হলো টানা তিন মাস রাজনৈতিক সহিংসতা। আগামী অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমি কথা রাখতে পারিনি। আমি বলেছিলাম শতভাগ এডিপি বাস্তবায়ন করবো। কিন্তু পারিনি। এডিপি ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। শতভাগ এডিপি বাস্তবায়ন করতে পারিনি দু’টি কারণে। প্রথম কারণ দেশে তিন মাস রাজনৈতিক সহিংসতা ছিল। দ্বিতীয় কারণ স্বপ্নের পদ্ম সেতু প্রকল্পে ৩ হাজার ৩শ’ কোটি টাকা খরচ করতে পারেনি। যে কারণে শতভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি বলেন, আগামী অর্থবছরে এডিপির শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করব। তখন হয়ত আপনারা আবার বলবেন মন্ত্রী কথা রাখতে পারেনি। কিন্তু আশা করি সে সুযোগ আগামী অর্থবছরে আমি আপনাদের দেবো না।
মুস্তফা কামাল বলেন, ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত এডিপি ছিল ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৭১ হাজার ১৩৯ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫৯ হাজার ৭৫৯কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৯৩ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছরে মোট প্রকল্প সংখ্যা ছিল ১হাজার ৫৩টি। এর বছরের শুরুতে বাস্তবায়নাধীন প্রকল্প ছিল ১২৩৮টি। নতুন প্রকল্প ছিল ২১৫ টি। সমাপ্ত হয়েছে ২৮১ টি প্রকল্প এবং বাস্তবায়নাধীন আছে ১১৭২ টি প্রকল্প।

