নিজস্ব প্রতিবেদক : আজ ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ওই সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ভাষণ শেষে জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর মধ্যে মুক্ত আলোচনা হবে।
সম্মেলনে শুধু জেলা প্রশাসকরাই নয়, বিভাগীয় কমিশনার, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব এবং সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
তিনদিনের এ সম্মেলনে মোট সেশন হবে ২২টি। এর মধ্যে কার্য অধিবেশন থাকবে ১৮টি।
অংশগ্রহণকারী মন্ত্রণালয়ের সংখ্যা ৩৯টি হলেও দুই থেকে তিনটি মন্ত্রণালয় একত্রিত করে মোট ১৮টি অধিবেশনে সম্মেলন শেষ করা হবে।
সম্মেলনে ডিসিদের পক্ষ থেকে ২৫৩টি সুপারিশ পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি প্রস্তাব ভূমি এবং ২৪টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
প্রথম সেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পারিকল্পনা মন্ত্রণালয়, দ্বিতীয় সেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় সেশনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রশাসকরা। রাষ্ট্রপতি তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
তিন দিনব্যাপি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন , স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নমেন্ট, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ ইত্যাদি।

