নিজস্ব প্রতিবেদক : গত তিন (এপ্রিল-জুন) মাসে মন্ত্রিসভার ১৩টি বৈঠক হয়।এসব বৈঠকে নেওয়া ৬৮টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৪টির। বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ।
এ সময়ে জাতীয় সংসদে পাস হয়েছে তিনটি। তবে কোনো অধ্যাদেশ জারি হয়নি। নীতি বা কর্মকৌশল অনুমোদন হয়েছে দুটি। চুক্তি বা সমঝোতা স্মারক অনুমোদন হয়েছে নয়টি। সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে ৫২টি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি উপস্থান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা যেসব সিদ্ধান্ত নেয় তা বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিসভা বৈঠকে উপস্থান করতে হয়।
তিনি বলেন, গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের চেয়ে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশি ভালো। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ২০১৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৫৯টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৩৩টি। বাস্তবায়নের হার হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করে চারটি অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুশাসনগুলো হচ্ছে- প্রত্যেক মন্ত্রণাণালয় বা বিভাগ প্রতিমাসে সমন্বয় সভা করবে। সেই অন্যান্য বিষয়ের সঙ্গে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিস্থিতি যেন পর্যালোচনা করা হয়। তাতে বাস্তবায়ন পরিস্থিতি আরো ভালো হবে।
মন্ত্রিসভায় উত্থাপিত সরকারের মাল্টিসেক্টরাল পলিসি রয়েছে। সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটা এফোর্ট প্রয়োজন। তার জন্য উদ্যোগী মন্ত্রণালয় অন্যান্য সমন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এটা করা হচ্ছে। তবে এটাকে রিমার্ক করা হয়েছে।
সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদকে অবহিত করতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্রও দিতে হবে।
তিনি জানান যে প্রধানমন্ত্রী বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি সচিবরা পর্যালোচনা ও মনিটরিং করবেন। সচিবদের পাশাপাশি মন্ত্রিরাও পর্যালোচনা ও মনিটরিংয়ের সঙ্গে সম্পৃক্ত হবেন। যখন মন্ত্রিসভার বৈঠক হয় তখন যেন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সংস্থার বাস্তবায়নচিত্র প্রধানমন্ত্রী জানতে পারেন।

