আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় দু দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে এটিই তার প্রথম সফর।
প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী জেটবিমানটি রোববার রাতে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে আদ্দিস আবাবার বিমানবন্দর স্পর্শ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেগান।
সোমবার ইথিওপিয়া সরকারের সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলা, গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুগুলো নিয়ে বৈঠক করবেন ওবামা। এছাড়া মঙ্গলবার ৫৪ সদস্যের আফ্রিকান ইউনিয়নে (এইউ) প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার। এইউ কমিশনের প্রধান কোসাজানা দালামিনি জুমা ইথিওপিয়ায় ওবামার সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেছেন এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এইউ’র সম্পর্ক আরো গভীর হবে।
এছাড়া তিনি অফ্রিকার আঞ্চলিক নেতাদের সঙ্গে সুদানের গৃহযু্দ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
নিজের পিতৃভূমি কেনিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে সে দেশের জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপণা দেখা গিয়েছিল উথিওপিয়ার জনতার মধ্যে তা ছিল অনুপস্থিত।

