আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে চরমপন্থি ইসলামি সংগঠন আল-শাবাবের বোমা হামলায় অন্ততঃ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। রোববার একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
রোববার মোগাদিসুর জাজিরা হোটেলের সামনে বিস্ফোরক ভর্তি এক গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যে ওই হোটেলের পাশে রক্ত আর মানুষের বিচ্ছিন্ন অঙ্গ-প্রতঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এর পাশেই পড়েছিল চারটি বিধ্বস্ত গাড়ি।
অ্যাম্বুলেন্স কর্মী আদিকাদির আব্দির রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘ আমরা ১৩ টি মৃতদেহ নিয়ে গিয়েছি। আরও ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, হোটেলের মধ্যে তাদের দূতাবাসের কার্যালয় ছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক চীনা নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন।
পুলিশ কর্মকর্তা মেজর নুর অসবল জানান, আত্মঘাতী হামলা চালানো গাড়ি বোমাটি হোটেলের গেট দুমড়ে মুচড়ে ঢুকে পড়ে এবং হোটেলের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের সেনা অভিযানের মুখপাত্র শেখ আব্দিআসিস আবু মুসাব বলেছেন, ‘ আল-শাবাবের বিরুদ্ধে আফ্রিকান সেনা ও সোমালিয়া সরকারের হামলা ও হেলিকপ্টার বোমা হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

