নিজস্ব প্রতিবেদক : ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগে সাজা ভোগের পর ট্রাইব্যুনালের জরিমানার বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর আপিল আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আদেশের ওই দিন নির্ধারণীর আদেশ দেন।
এ বিষয়ে জাফরুল্লাহর আইনজীবী তৌফিক হোসেন জানান, আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারা একটি আবেদন করতে যাচ্ছেন।
আদালতে জাফরুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রেজাক খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
শুনানির সময় জাফরুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাস্তি হিসেবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।
ওই আদেশের বিরুদ্ধে জাফরুল্লাহ সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে গেলে বিচারক অর্থদণ্ডের আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

