নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ আগস্ট হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভৌত কাজ শুরু হবে। একইদিনে নির্মাণ প্রতিষ্ঠানকে প্রকল্পের জমি হস্তান্তর করা হবে।
রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নির্মাণ প্রতিষ্ঠান ইটাল-থাই কোম্পানির চেয়ারম্যান প্রেমচাই কর্ণসুতার আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এসময় উপস্থিত ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে ইটাল-থাই কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার বাহাসকোন খানানবাহ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
শনিবার রাত সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে মন্ত্রী জাপানের সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ জাইকা এবং ব্যবসায়ীদের বৈঠকে বসবেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনি সবাইকে আহ্বান জানাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি ভিত্তিক) নির্মিত হতে যাচ্ছে।

