ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার তালিকা হালনাগাদ নিয়ে উদ্বিগ্ন সুজন

Link Copied!

sujanনিজস্ব প্রতিবেদক : আজ শনিবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এ কার্যক্রম কতটুকু সুষ্ঠু হবে সে বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ভোটার তালিকা হালনাগাদ, জেন্ডার গ্যাপ ও আরও কিছু প্রশ্ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার কিছু অসঙ্গতিও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
লিখিত বক্তব্যে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘২০০৮ সালের হালনাগাদ হওয়া ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের চেয়ে ১৪ লাখ ১৩ হাজার ৬০০ জন বেশি নারী ভোটার ছিল। কিন্তু ২০১৩ সালের তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিল ২ লাখ ৯১ হাজার ৩৯৯ জন কম। ২০১৫ সালের খসড়া হালনাগাদ তালিকায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় ৭ লাখ ৪ হাজার ৬৩২ জন কম।’
তিনি বলেন, ‘কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সার-সংক্ষেপ থেকে দেখা যায়, সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী ২০১৪ সাল পর্যন্ত নতুন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটার থেকে ৫ লাখ ৬৩ হাজার ৩৬২ জন কম এবং জেন্ডার গ্যাপ ১২ শতাংশ। বাংলাদেশের জনসংখ্যায় নারী-পুরুষের বিভাজনতার সঙ্গে নতুন ভোটার তালিকায় জেন্ডার গ্যাপের কোনো মিল নেই। নারী পুরুষের মধ্যে ১২ শতাংশ জেন্ডার গ্যাপের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।’
নারী নেত্রী সালমা খান বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশের নারীদের আয়ুষ্কাল বেশি। তাহলে ভোটার তালিকায় ওই নারীগুলো গেল কোথায়?’
জেন্ডার গ্যাপের প্রধান কারণ বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ না করা- এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ‘এভাবে নারী ভোটার কমে আসলে অনেক নারী ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং উন্নয়নে নারীবান্ধব প্রকল্পও কমে আসবে।’
বদিউল আলম মজুমদার বলেন, ‘ভোটার তালিকা আইন ২০০৯ এর ধারা ৭ (১) (খ) অনুযায়ী শুধুমাত্র ১৮ বছর বয়স্ক নাগরিকরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। কিন্তু নির্বাচন কমিশন এবার ১৫-১৭ বছর বয়স্কদের নিবন্ধন করছে। কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে তা বোধগম্য নয়।’
১৫-১৭ বছর বয়সী নাগরিকদের নিবন্ধন করা হলে এরা যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে না কিংবা দুই বার ভোটার হয়ে যাবে না তার নিশ্চয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘১৮ বছরের আগে ভোটার হওয়ার আইনগত ভিত্তি নেই। আমি এটা জানি না। তারা কি ভোটার হচ্ছে নাকি শুধু পরিচয়পত্রের জন্য নিবন্ধিত হচ্ছে?’
আইনের ১১ (১) ধারা অনুসারে প্রতি বছরের ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘কিন্তু কমিশন জুলাই থেকে এ কার্যক্রম শুরু করছে। এ ধরনের বিলম্ব আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। ইতোমধ্যে দেশের কোনো কোনো জেলায় বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। বন্যার কারণে যদি কেউ নিজ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়, তাহলে তাদের মধ্যে অনেকে বাদ পড়ে যাবে।’
‘বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে গোঁজামিল কমিশন’
বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে গোঁজামিল কমিশন- এমন মন্তব্য করে বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘গত কয়েকটা নির্বাচনে এই কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এরপর থেকে এই কমিশনের আওতায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ।’
ছাত্রলীগ-যুবলীগের হাতে নির্বাচনের দায়িত্ব দিলেও এ নির্বাচন কমিশনের চেয়ে ভালো নির্বাচন করবে বলেও মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা পুনর্পরীক্ষা করাসহ নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে বলেও মনে করেন আবুল মকসুদ।
এ কমিশনের অধীনে সুষ্ঠু ভোটার তালিকা পাওয়া সম্ভব কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা একটা সুষ্ঠু ভোটার তালিকা চাই, কীভাবে করবে সেই দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের।’
এদিকে নরসিংদীতে ভোটরা তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশও আমাদের মত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সুজন সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, নারীনেত্রী নাসিম ফেরদৌস প্রমুখ।