আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়া পার্লামেন্টে শুক্রবার রাতে একটি সন্ত্রাস বিরোধী আইন পাস হয়েছে। দেশটিতে সম্প্রতি ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালানোর পর দেশটির আইনজ্ঞরা নতুন এ আইন পাস করলেন।
দীর্ঘ তিন দিন ধরে বিতর্ক চলার পর শুক্রবার গভীর রাতে ২১৭ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি পাস হয়। এই আইনের পক্ষে ভোট দেন ১৭৪ সাংসদ। এই ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট মোহামেদ ইনাসেউর বলেছেন,এই আইন দেশের জনগণকে ‘নিরাপত্তা’ দেবে।
গত ২৬ জুন তিউনিসিয়ার এক পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ৩৪ জন নিহত হওয়ার পর এই আইন পাস করা হল। ইসলামিক স্টেট পরে ওই হামলার দায় স্বীকার করেছিল। এর আগে গত ২১শে মার্চ রাজধানী তিউনিসের জাদুঘরে চালানো হামলায় নিহত হয়েছিল আরো ২১ পর্যটক।
নতুন এই আইনে সন্ত্রাসবাদ অভিযোগে অভিযুক্তদের মৃত্যুদণ্ড এবং সন্ত্রাসীদের সমর্থন দেয়ার অপরাধে কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।
দেশটির ইসলামিক এবং ধর্ম নিরপেক্ষ দলগুলো এই আইনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিলেও সিভিল সোসাইটি এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এর ব্যাপক সমালোচনা করছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে সরকার দীর্ঘ সিকি শতাব্দী পর মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে এনেছে। এছাড়া তারা এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা বিচারে ১৫ দিন আটকে রাখারও নিন্দা জানিয়েছে।

