নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ থেকে বাসে ঢাকায় আসতে সময় লাগে সাকুল্যে সাড়ে ৩ ঘণ্টা। কিন্তু ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়ের কারণে ১২ ঘণ্টায়ও ঢাকায় এসে পৌঁছেনি ঢাকাগামী যাত্রাবাহী বাস ‘শাহজাদপুর ট্র্যাভেলস’।
খোঁজ নিয়ে জানা গেছে- শুক্রবার রাত ১টায় শাহজাদপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে বাসটি। কিন্তু শনিবার দুপুর ১টায়ও ঢাকায় এসে পৌঁছাতে পারেনি।
গাড়িটি শুক্রবার সন্ধ্যা পোনে ৭টায় শাহজাদপুর থেকে ছাড়ার কথা থাকলেও প্রচণ্ড যানজটের কারণে সেখানে পৌঁছতে সময় লাগে রাত ১ টা পর্যন্ত।
জানা গেছে- বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে এলেঙ্গা, মির্জাপুর, কালিয়াকৈর- এসব জায়গায় ছিল তীব্র যানজট। এছাড়া আশুলিয়া পার হয়ে ফ্যান্টাসি কিংডমের রাস্তায়ও ছিল মাঝারি ধরনের জট।
এ যানজটে সবচেয়ে বেশি ভোগন্তিতে পড়তে হয়েছে নারী ও শিশুদের। বিশেষ করে তাদের খাবার ও পয়ঃনিস্কাশন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বেশি। প্রকৃতির ডাকে সাড়া দিতে কয়েকজন নারী যাত্রীকে রাস্তার আশ-পাশের বাড়ীতে ছুটে যেতে দেখা গেছে।
ঢাকা শহরে ফেরা যাত্রীদের রাস্তায় রাস্তায় দীর্ঘ লাইন যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছেন অনেকে। এ ছাড়াও এসব রাস্তায় দূরপাল্লার যাত্রী পরিবহনের জন্য ঢাকা শহরে চলাচলকারী গাড়ী মিরপুর লিঙ্ক, আলিফ এন্টারপ্রাইজ, ধামরাইল পরিবহনসহ অনেক গাড়ি দেখা গেছে। এ গাড়িগুলোর কারণে জট আরো বেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

