নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশকে পরিবর্তন করে এ বছরই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রচলিত আইনে অপরাধীরা শাস্তি ভোগ না করে ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। দুর্ঘটনার পরে যেসব তদন্ত কমিটি গঠন করা হয় এগুলোও বাস্তবে কোনো কাজে আসে না।’
এবারের ঈদের পরে দেশের সড়ক ও মহাসড়কগুলোর অবস্থা ভালো ছিল, তারপরও অনেক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা এখন জাতির দুর্ভাবনায় পরিণত হয়েছে। এজন্য অনেকাংশে দায়ী অটোরিকশা ও নসিমন। এগুলোর বিরুদ্ধে আগামী ১ আগস্ট থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

