আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরের যে অংশটিতে জাপানের মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে সেখানে চীনের খনিজ অনুসন্ধানের সব ধরণের অধিকার রয়েছে বলে দাবি করেছে দেশটি। শুক্রবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এ দাবি করেছে।
চলতি সপ্তাহে চীনকে পূর্ব চীন সাগরের বিতর্কিত জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধান প্লাটফর্ম নির্মান না করার আহ্বান জানিয়েছিল জাপান। বিতর্কিত ওই জলসীমাটির মালিকানা চীন ও জাপান উভয় দেশই দাবি করছে। গত কয়েক বছর ধরে ওই এলাকায় উভয় দেশই বারবার টহল জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে। এর ফলে সেখানে দুই দেশের সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা কেবল বাড়ছেই।
পূর্ব চীন সাগরের ওই জায়গায় চীন ও জাপান কোন সীমারেখা টানেনি দাবি করে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন ও জাপান এখনও পূর্ব চীন সাগরে কোন জলসীমা নির্ধারণ করেনি। জাপান ‘একতরফাভাবে’ যে তথাকথিত মধ্যমা লাইন চিহ্নিত করেছে চীন তা স্বীকার করে না।
বিবৃতিতে বলা হয়, পূর্ব চীন সাগরে চীনের দুইশ নটিক্যাল মাইল একচেটিয়া অর্থনৈতিক জোন রয়েছে ।

