অর্থনৈতিক প্রতিবেদক : ঈদের আগে ও পরে দেশের পুঁজিবাজারে লেনদেনের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এতে বাজারে চাঙাভাব বিরাজ করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন সবচেয়ে বেশি বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৬৮ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৯২ দশমিক ৫২ শতাংশ। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৭০ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৮৬ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ১ দশমিক ৩১ শতাংশ । চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২৬ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৪৯ কোটি ২৩ লাখ ২৭ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৭ কোটি ৫১ লাখ ৪৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২০৮টি, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৮৮টি, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।

