অর্থনৈতিক প্রতিবেদক : এবারের ঈদে দেশে টাকার লেনদেন ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে প্রাক মুদ্রানীতি পরামর্শক সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা জানান। এ সময় অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্য বাড়েনি- আলোচনায় কোনো কোনো গণমাধ্যম প্রতিনিধির এমন দাবির পরিপ্রেক্ষিতে আতিউর রহমান বলেন, ‘এবার রোজার ঈদে দেশে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে টাকার লেনদেন ১৭ শতাংশ বেড়েছে।’
তিনি বলেন, ‘এখন ব্যাংকে তারল্যের কোনো সঙ্কট নেই। ফলে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে বলা যায়।’
তিনি আরো বলেন, ‘ঋণ শ্রেণীকরণে আমরা আন্তর্জাতিক পদ্ধতি অণুসরণ করা শুরু করেছি। এজন্য খেলাপি ঋণ বেড়েছে বলে মনে হচ্ছে। ধীরে ধীরে তা কমে আসবে।’
গভর্নর বলেন, ‘ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এর পুরোটা আমাদের হাতে না। তারপরেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।’

