আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী একটি বাড়ি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৫২ বছরের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের উত্তর হেবরনের বেইত উম্মার গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেইত উম্মার গ্রামে ফালাহ আবু মারিয়ার ছেলে মুহাম্মদকে আটক করতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এর আগে সেনাদের হামলায় পায়ে আঘাত পায় মুহাম্মদ। তাকে বাঁচাতে এগিয়ে এলে ফালাহকে গুলি করে সেনারা। হাসপাতাল সূত্র জানিয়েছে, খুব কাছ থেকে ফালাহর বুকে দুটি গুলি করা হয়েছে।
তবে ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, সেনারা মুহাম্মদকে আটক করতে তার বাড়িতে গেলে ওই পরিবারের এক সদস্য এক সেনা সদস্যের টুটি চেপে ধরে। এসময় সেনারা গুলি ছুঁড়তে শুরু করে।
বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, এর আগে ফালাহ ও তার দুই ছেলে মুহাম্মদ ও আহাম্মদ ইসারাইলে কারাগারে আটক ছিলেন। ফালাহর ভাই ওয়াহিদ গত বছর অনশন ধর্মঘট করেছিলেন। তার চাচাতো ভাই হাশিম গত বছর পশ্চিম তীরে বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার সময় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন।
প্রসঙ্গত, বুধবার পশ্চিম তীরের জেনিন শহরে ২১ বছরের তরুণ মোহাম্মদ আহমেদ আলাউনাকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছর পশ্চিম তীরে ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

