নিজস্ব প্রতিবেদক : মেঘনা সেতু ঝুঁকিমুক্ত দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাংদুল কাদের বলেছেন, আমরা এর আগে এ সেতুর ৭, ৮ ও ৯ নং পিয়ারের মেরামত কাজ সম্পন্ন করেছি। এবার সেতুর ৬নং পিয়ারের মেরামত কাজ করা হবে।
আগের মতো সেনাবাহিনীর সহযোগিতায় এ মেরামত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। বৃষ্টি কমলে শিগগিরই মেরামত কাজ শুরু হবে। আমাদের প্রস্তুতিও রয়েছে পুরোদমে। অতএব, আমি বলব, সেতুটি এখন আর ঝুঁকিতে নেই।
বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ ঈদে ঘরমুখো এবং কর্মস্থলমুখো মানুষের যাতাযাত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচরা সভা’ শেষে মন্ত্রী সাংবাদিকের এ কথা জানান।
মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাইপাইল পর্যন্ত ২২ কিমি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছরের শুরুতে এর কাজ শুরু হবে।
সড়ক প্রকৌশলীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি আমরা যথাসময়ে প্রকল্প তথা মেরামতকাজ শেষ করতে ব্যর্থ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছি। কার্যাদেশ অনুযায়ী যথাসময়ে কাজ শেষ করতে অহেতুক বিলম্বের জন্য পিপিআর অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান ওটিবিএল এবং পিবিএল এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঈদ উপলক্ষে সারাদেশের সড়ক-মহাসড়কগুলো সার্বক্ষণিক সচল রাখতে যারা নিরলস কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান মন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্য, কর্মকর্তা, সওজ’র সর্বস্তরের প্রকৌশলী, বিআরটিএ ও বিআরটিসি’র সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সওজ’র প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

