আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বন্দরনগরী এডেনে ফিরেছে উচ্ছেদকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদী সরকারের কয়েকজন কর্মকর্তা। হাদী সমর্থক সৌদি সেনারা এডেন দখলের একদিন পর বৃহস্পতিবার সেখানে ফিরলেন তারা।
চলতি বছরের শুরুর দিকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথি বিদ্রোহীরা। সেখান থেকে বন্দরনগরী এডেনে পালিয়ে যান হাদী। হুথি বিদ্রোহীরা এডেন দখল করলে সেখান থেকে তিনি প্রতিবেশী সৌদি আরবে পালিয়ে যান। অনুগত হাদী সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে গত মার্চে ইয়েমেনে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট। হুথিদের সঙ্গে চলা সংঘর্ষে এ পর্যন্ত দেশটিতে তিন হাজারের বেশি লোক নিহত হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের তত্ত্বাবধানে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার হুথিদের কাছ থেকে এডেন দখল করে সৌদি সেনারা । এরপরই বৃহস্পতিবার হাদী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব থেকে হেলিকপ্টারে করে সেখানে যান।
হাদী সরকারের এক কর্মকর্তা জানান, ‘ নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর প্রতিনিধি দলটি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রস্তুতি এবং এডেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির পুনরুজ্জীবনের পর সেগুলিতে স্থিতিশীলতা আনতে তারা ফিরে এসেছেন।’

