আর্ন্তজাতিক ডেস্ক : ক্রমাগত বৃষ্টি আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসাম রাজ্যের ১৫৫ টি গ্রামের প্রায় ৬৫ হাজার মানুষ । এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বন্যায় ধেমাজি, লক্ষীমপুর এবং সোনিতপুর জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)। বৃহস্পতিবার তাদের বন্যা সংক্রান্ত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, সোনিতপুর জেলার ৫০ হাজার মানুষ এবং লক্ষীমপুরের ১৩ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পানির নিচে তলিয়ে গেছে প্রায় ১৬শ হেক্টর জমির ফসল।
কর্তৃপক্ষ সোনিতপুরে সাতটি ত্রান কেন্দ্র চালু করেছে। সেখানে ৭ হাজার ৭শ ১২ জন মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
রাস্তার দু’পাশ বন্যার পানিতে ভেসে গেছে। এছাড়া লক্ষীমপুরের দুটি বাঁধ ভেঙে গেছে। অপরদিকে সোনিতপুরের পাঁচটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকার নদীর বাঁধ ভেঙে গেছে বলেও জানা গেছে।
এছাড়া সোনিতপুরে বন্যার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এএসডিএমএ। বুধবার রাতে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হওয়ায় সোনিতপুর জেলার গোপুর মহকুমায় বন্যা পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করেছে। এছাড়া বন্যার কারনে মাগোনি রাহধোলা এলাকার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
তবে রাজ্যের ডিজেস্টার রেসপন্স ফোর্স এবং ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স বন্যা কবলিত জেলাগুলোতে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন লক্ষীমপুরের ডেপুটি কমিশনার দেবেশ্বর মালাকার ।

