অর্থনৈতিক প্রতিবেদক : মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার-অস্ট্র্যাকের (এফআইইউ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টাকা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য আদান-প্রদানে একে অপরকে সহযোগিতা করবে।
মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২-১৭ জুলাই এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) ১৮তম বার্ষিক সভা চলাকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে বিএফআইইউয়ের পক্ষে ইউনিটের মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. নাসিরুজ্জামান ও অস্ট্র্যাকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা পাউল জেভটোভিক এপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ চুক্তিটির মধ্য বিএফআইইউয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সংখ্যা দাঁড়ালো ৩৬টি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দীন আহমেদ, এটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, উপমহাপুলিশ পরিদর্শক মো. সাইফুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং বিএফআইইউয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

